জামালপুরের মাদারগঞ্জে গণঅধিকার পরিষদে বড় ধরনের রাজনৈতিক ধস নেমেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হওয়ার অভিযোগ তুলে দলটির বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। পদত্যাগের পর এসব নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় জেলার সিংহ জানি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আমির মওলানা নুরুল আমিনের হাত ধরে বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করেন। এ-র আগে গতকাল শনিবার রাতে মাদারগঞ্জ মডেল থানা সংলগ্ন একটি ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই গণ-পদত্যাগের ঘোষণা দেন।
আদর্শিক বিচ্যুতি ও নেতৃত্বের প্রতি অনাস্থা:
সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা অভিযোগ করেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের যে আদর্শ দেখে তারা ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় উজ্জীবিত হয়েছিলেন, বর্তমানের গণঅধিকার পরিষদ সেই অবস্থান থেকে সম্পূর্ণ সরে এসেছে। দলে এখন চেইন অব কমান্ড ও আদর্শিক রাজনীতির চরম সংকট চলছে।
তৃণমূল নেতাদের অভিযোগ, কেন্দ্রীয় সিদ্ধান্তের কোনো স্বচ্ছতা নেই। বিশেষ করে জামালপুর-৩ আসনে প্রার্থী ঘোষণা করার মাত্র ১৫ মিনিটের মাথায় তা পরিবর্তন করা হয়। সারাদেশে প্রার্থী ঘোষণা নিয়ে এমন অস্থিতিশীলতা ও সিদ্ধান্তহীনতা তৃণমূলের নেতাকর্মীদের চরমভাবে হতাশ করেছে।
মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম জাকির বলেন, “আমরা তৃণমূল থেকে শ্রম দিয়ে এই দল গড়ে তুলেছি। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের একগুঁয়েমি এবং তৃণমূলের দাবিকে গুরুত্ব না দেওয়ার কারণে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। প্রায় ১৫০ জন নেতাকর্মী কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করে আপত্তি জানালেও তারা বিষয়টিকে পাত্তাই দেননি।”
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মন্ডল, মেলান্দহ উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহিন আলম, মাদারগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম হিরা, জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি আল আমিন মন্ডল এবং সাংস্কৃতিক সম্পাদক শহীদুল ইসলামসহ আরও অনেকে। এই তালিকায় মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং প্রবাসী অধিকার পরিষদের সদস্যরাও রয়েছেন।
জামায়াতে ইসলামীর আদর্শের প্রতি সংহতি প্রকাশ করে দলটিতে যোগদান করেন তারা। এ সময় উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফরহাদ সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান।
নিজস্ব প্রতিনিধি 















