হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর ভিড়। সাম্পতিক ছবি। ছবি: সংগ্রহীত
দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) অতিসংক্রমক রোগ হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশু মারা গেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫ জনের।
আজ সোমবার সন্ধ্যায় হামের হালনাগাদকৃত এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে ১১৮ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২০ শিশু।
২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ২৮২ শিশুর। একই সময় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৮০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুরা সবাই ঢাকার। এই সময়ে ‘সন্দেহজনক হাম’ নিয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। বিভাগটিতে ২৩৮ শিশু সন্দেহজনক হাম নিয়ে ভর্তি হয়েছে। এরপর রয়েছে যথাক্রমে রাজশাহী ৯১, চট্টগ্রাম ৮৭, খুলনা ৬৩, সিলেট ৩৭, রংপুর ৩০, ময়মনসিংহ ২২ এবং বরিশাল ২৯ জন।
জরুরি টিকাকেন্দ্রে অভিভাবকদের উপচে পড়া ভিড়জরুরি টিকাকেন্দ্রে অভিভাবকদের উপচে পড়া ভিড়
সন্দেহজনক হাম নিয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৬১৪ শিশু ছুটি পেয়েছে। যার মধ্যে ঢাকা বিভাগে ২৮৫ এবং চট্টগ্রাম বিভাগে ১১৩ জন।
দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় দেশের ৩০টি উপজেলায় হটস্পট নির্ধারণ গতকাল রোববার থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা 















